নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মাঠ থেকে জোবেদা খাতুন (৪৫) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার গোপালপুর মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জোবেদা খাতুন উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জোবেদা খাতুন প্রতিদিনের মতো আজ সকালেও মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠের ভেতর হাত ও মুখ বাঁধা অবস্থায় তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের শরীরে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে স্থানীয়দের ধারণা, নির্জন মাঠে ওই নারীকে ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, “সকালে ছাগল চড়াতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতের হাত-মুখ বাঁধা ছিল এবং তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।