নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দর্শনায় বৃষ্টি আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিষপানে আত্মহত্যার দাবি করা হলেও, নিহতের পরিবারের অভিযোগ—পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
নিহত বৃষ্টি আক্তার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা নাস্তিপুর গ্রামের হৃদয় (২৮)-এর স্ত্রী। তাদের আরশি জান্নাত নামে ৯ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বৃষ্টি আক্তার নিজ কক্ষে ভুট্টার বিষ পান করেন বলে দাবি করেন তাঁর শ্বশুর মোহাম্মদ মুক্তার আলী (৫১)। তিনি জানান, বৃষ্টির গোঙানির শব্দ শুনে তাঁর স্বামী হৃদয় ঘরে গিয়ে দেখেন, তিনি বিষপান করেছেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে প্রথমে তাকে কুরুলগাছি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টিকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, বৃষ্টির মৃত্যুর খবর পেয়ে তার পরিবার সুনির্দিষ্ট অভিযোগ তোলে। তাদের দাবি, বৃষ্টি আক্তারকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তার মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে দর্শনা থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরদেহের সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের নির্দেশ দেয়। বর্তমানে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।