চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
জাতীয় সংসদে চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যসেবার সংকট তুলে ধরে সদর হাসপাতালকে দ্রুত ২৫০ শয্যায় পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। সোমবার সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই দাবি জানান। এটি সংসদ সদস্য হিসেবে তার প্রথম বক্তব্য।
বক্তব্যে তিনি চুয়াডাঙ্গাকে একটি অবহেলিত সীমান্তবর্তী জেলা হিসেবে উল্লেখ করে বলেন, জেলায় প্রায় সতেরো লাখ মানুষের বসবাস হলেও মানসম্মত স্বাস্থ্যসেবা অত্যন্ত সীমিত। জেলার চারটি উপজেলার মানুষের প্রধান ভরসা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হলেও প্রয়োজনীয় সুযোগসুবিধার অভাবে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, দুই হাজার একুশ সালে প্রশাসনিকভাবে সদর হাসপাতালকে দুইশ পঞ্চাশ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয় এবং অবকাঠামো নির্মাণও সম্পন্ন হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি এবং আনুষঙ্গিক সুবিধার অভাবে হাসপাতালটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। ফলে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সাংসদ অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই চুয়াডাঙ্গা জেলা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৈষম্যের শিকার। তিনি পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে এর জন্য দায়ী করেন।
স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর আহ্বান জানান।
বক্তব্যের শুরুতে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন।
তার এই বক্তব্যে চুয়াডাঙ্গার স্বাস্থ্যখাত উন্নয়নের দাবি নতুন করে জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।